৭৭ মিনিটে ক্লেটন সিলভার একমাত্র গোলে কেরালা কে ১-০ জিতে প্রথম লেগে হারের বদলা নেয় ইস্টবেঙ্গল। একাধিক গোলের সুযোগ হাতছাড়ার পাশাপাশি বিপক্ষের গোলকিপার তিনটি অবধারিত গোল সেভও করেন।
কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের মতে নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিয়েই যে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে অঘটন ঘটাল তাঁর দল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এক গোলে নয়, আরও দু’-তিন গোলে জিততে পারত দল, মনে করেন ব্রিটিশ কোচ।
কোচ সাংবাদিকদের বলেন, ‘আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাগ্য সহায় হয়নি। গোয়ার বিরুদ্ধেও তাই। চেন্নাইয়িনের বিরুদ্ধেও দু’টো গোল করা উচিত ছিল। ৬-৭টা ম্যাচে আমাদের পুরো পয়েন্ট পাওয়া উচিত ছিল, যা আমরা পারিনি। এই প্রথম ছেলেরা একসঙ্গে সঙ্ঘবদ্ধ থেকে ফুটবল খেলেছে। একে অপরকে সব সময় সাহায্য করেছে। খুবই দুঃসাহসিক ও আগ্রাসী পারফরম্যান্স দেখিয়েছে। পরের ম্যাচগুলোতেও আশা করি, এ রকম পারফরম্যান্স দেখাতে পারব।’







