প্রচণ্ড গরম আর আর্দ্রতার চাপে নাজেহাল রাজ্যবাসী। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আপাতত কলকাতার জন্য তেমন সুখবর নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গরমের তীব্রতা বাড়লেও ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। এই পরিস্থিতিতে কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গের চিত্র একেবারেই ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৬-৭ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে যাওয়া এই অক্ষরেখা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি মিললেও কলকাতার মানুষকে আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়াই সহ্য করতে হবে।







