শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন। এদিন ‘ইডির স্ক্যানারে প্রসন্ন’ এপ্রসঙ্গে তিনি বলেন, “আগে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই আগের বার তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু ইডি মনে করছে আরও তথ্য প্রমাণ পাওয়া যাবে। তাই ফের তদন্ত হচ্ছে। জাল এতো বড় যে কে যুক্ত আর কে নয়, অনেকে অজান্তে যুক্ত হয়ে পড়েছে। কে সুবিধা পেয়েছে কে পায়নি, এভাবেই বিশাল বিস্তার হয়েছে। তার কিনারা খোঁজার চেষ্টা চলছে।”
শুধু তাই নয়, এদিকে আদালত সংহতি মিছিলের অনুমতি দিয়েছে এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ জানিয়ে বলেন, “আগে তৃণমূলের মধ্যে সংহতি করুন। সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয়না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে হিন্দু রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে। যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, এই করেই যারা খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক যাবে। আর যারা সিএএ পাস হওয়ার পর সারা বাংলায় আগুন জ্বালিয়ে ট্রেন বাস রেল জাতীয় সড়ক অচল করেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে।”
প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এমনিতেই সাধারণ চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল, সব জায়গায় আলোচনা চলছে। অযোধ্যা যেন হয়ে উঠেছে দেশের প্রাণকেন্দ্র। ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। এর আগে অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজোপাঠ-আচার বিধি। গতকাল গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে।







