এসএসসি দুর্নীতির তালিকা প্রকাশ হতেই ফের তোলপাড় রাজনীতি। প্রকাশিত দাগিদের সেই তালিকার ১০৬৯ নম্বরে নাম উঠেছে প্রিয়াঙ্কা মণ্ডলের। আর জানা যাচ্ছে, তিনি হিঙ্গলগঞ্জের প্রভাবশালী তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে। এই নাম প্রকাশ্যে আসতেই চায়ের আড্ডা থেকে রাজনৈতিক আঙিনা— সর্বত্রই এখন জোর আলোচনা।
অভিযোগের তীর ছুটেছে সরাসরি শাসকদলের দিকে। বিজেপির দাবি, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ বলেই এই ‘দুর্নীতি’ সম্ভব হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র তথা হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা দীপঙ্কর সরকার সরাসরি অভিযোগ করে বলেন,
“এরা বিধায়কের হাত ধরে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই সরকার দুর্নীতিগ্রস্ত। এই কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত হিঙ্গলগঞ্জের বিধায়ক ও প্রিয়াঙ্কা মণ্ডল। এদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
পাল্টা শাসক শিবিরের তরফে অবশ্য সংযত সুর। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন জানালেন,
“আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। বিচার ব্যবস্থায় যা প্রমাণ হবে, সেটাই সত্যি হবে। আইন যা বলবে, আমরা সেটাই মেনে নেব।”
রাজনৈতিক মহলের মতে, স্থানীয় স্তরে যথেষ্ট প্রভাবশালী সন্ধ্যা মণ্ডলের মেয়ের নাম এই তালিকায় উঠে আসায় চাপানউতোর আরও বেড়েছে। এখন দেখার, আইনি ও রাজনৈতিক পরিণতি কোথায় গড়ায়।







