দরজায় কড়া নাড়ছেন সরকারি কর্মীরা। হাতে জনগণনার ফর্ম, বাড়ির তথ্য সংগ্রহের প্রস্তুতি। কিন্তু অনেক জায়গাতেই দরজা খুলে দেখা যাচ্ছে, বাসিন্দারা জানেনই না কেন এসেছেন ওই সরকারি কর্মীরা! ফলে দ্বিতীয় ধাপের ‘গৃহগণনা’ পর্বে গিয়ে সমস্যায় পড়ছেন এনুমারেটর ও সুপারভাইজাররা।
জনগণনার কাজে যুক্ত আধিকারিকদের একাংশের অভিযোগ, রাজ্যের বিস্তীর্ণ এলাকায় এখনও এই কর্মসূচি নিয়ে পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। কোথাও বাসিন্দারা সহযোগিতা করছেন না, কোথাও আবার সরকারি কর্মীদের পরিচয় নিয়েও তৈরি হচ্ছে সংশয়।
বিষয়টি নিয়ে সরকারি স্তরের বৈঠকে অভিযোগ পৌঁছতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় জনগণনা সম্পর্কে সচেতনতা বাড়াতে হোর্ডিং লাগানোর পাশাপাশি মাইকিং শুরু হয়েছে। পুরসভা ও থানার মাধ্যমেও বাসিন্দাদের বিষয়টি জানানো হচ্ছে।
জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন
প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, গৃহগণনার মতো বাড়ি-বাড়ি কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্সিলর কিংবা পঞ্চায়েত সদস্যরা আগে থেকে বাসিন্দাদের জানিয়ে দিলে সরকারি কর্মীদের কাজ অনেকটাই সহজ হয়। কিন্তু বিভিন্ন এলাকায় সেই সহযোগিতা যথেষ্ট মিলছে না বলেই অভিযোগ।
কলকাতা ও হাওড়ার মতো পুরসভা এলাকায় আবার কাউন্সিলর না থাকায় সমস্যাটি আরও প্রকট হয়েছে বলে দাবি। অন্যদিকে, রাজনৈতিক মহলে এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পর বহু পঞ্চায়েত ও স্থানীয় জনপ্রতিনিধি আগের মতো সক্রিয় নন। তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
তবে প্রশাসনের কাছে এখন মূল চ্যালেঞ্জ একটাই—মানুষকে বোঝানো যে জনগণনার তথ্য সংগ্রহ একটি সরকারি প্রক্রিয়া এবং এনুমারেটরদের প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি। সেই লক্ষ্যে প্রচার আরও বাড়ানোর প্রস্তুতি চলছে।
অর্থাৎ, বাড়ি বাড়ি সরকারি কর্মীরা পৌঁছে গেলেও তাঁদের সামনে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে—‘জনগণনা হচ্ছে, সেটাই মানুষ জানেন না!’







