মোহনবাগানে নির্বাচন যত এগোচ্ছে, উত্তেজনার পারদও ততই চড়ছে। সোমবার ক্লাব সভাপতির পদ থেকে টুটু বসুর আকস্মিক ইস্তফা গোটা সবুজ-মেরুন অঙ্গনেই আলোড়ন তুলেছে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় টুটু দাবি করেছেন, মনের কথা মুক্তভাবে সদস্যদের বলতে চান। তবে অন্দরমহলে জল্পনা, পুত্র সৃঞ্জয় বসুর নির্বাচনী লড়াইয়ের ময়দানে তাঁকে আরও সক্রিয় করতেই এই পদক্ষেপ।
টুটু বসুর ইস্তফার সময় ও পটভূমি প্রশ্ন তুলেছে। সদ্যসমাপ্ত আইএসএল কাপ জয় উদ্যাপনের আবহে যখন ক্লাব প্রশাসনে আনন্দের ঢেউ, ঠিক তখনই টুটুর ইস্তফা এবং পুত্রের দিকে স্পষ্ট ইঙ্গিত রাজনীতির গভীরতা বাড়িয়েছে। বিদায়ী সচিব দেবাশিস দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, ইস্তফাপত্র কমিটির মিটিংয়ে আলোচনা করে গ্রহণ করা হবে। এতে বোঝা যাচ্ছে, মোহনবাগানের নির্বাচনী লড়াই এ বার হবে আরও জটিল ও নাটকীয়।
সৃঞ্জয় বসুর আগমন শুধু সচিবপদ পুনর্দখলের লড়াই নয়, বরং ক্লাব প্রশাসনে নতুন করে পুরনো শিকড়ের প্রভাব বিস্তারের এক মহড়া। শাসকদলের একাধিক নেতা মোহনবাগানের রাজনীতিতে জড়িয়ে থাকা, কালীঘাটের স্কাইওয়াকে মুখ্যমন্ত্রীর পেছনে সৃঞ্জয়ের উপস্থিতি — সব মিলিয়ে সমীকরণ অনেক কিছু বলছে। পাশাপাশি, নির্বাচনের আগে তৃণমূলের মুখপত্র প্রকাশের পুনরারম্ভও ইঙ্গিতবহ।
ক্লাবমহলে অনেকে মনে করছেন, পয়লা বৈশাখে ভবানীপুর ক্লাবে পুজো করলেও আগামী পয়লা বৈশাখে হয়তো আবার মোহনবাগানে ফিরবেন সৃঞ্জয়। ফুটবলের পাশাপাশি হকি, ক্রিকেট ও টেনিসের পুনর্জাগরণে মন দিতে চান তিনি। তাঁর পরিকল্পনা আর মাঠের বাস্তবতা কতটা মেলে, তা জানতে অপেক্ষা করতে হবে সবুজ-মেরুনের এই নির্বাচনী যুদ্ধের শেষ পর্যন্ত।







