রাজ্য

শারীরিক অবস্থা উদ্বেগজনক, এখনও আইসিইউ-তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

চিকিৎসায় নতুন করে যুক্ত হলেন কার্ডিওলজিস্ট, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের।
তলপেটে তীব্র যন্ত্রণায় আক্রান্ত হয়ে শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভর্তি হওয়ার সময় থেকেই তাঁর বমি হচ্ছিল। আপাতত আইসিইউ-তে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন। পাশাপাশি, রয়েছে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের জটিলতাও।

চিকিৎসার জন্য ইতিমধ্যেই গঠন করা হয়েছে আট সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড। রবিবার পর্যন্ত সাত সদস্যের বোর্ড থাকলেও, সোমবার সকালে ইকোকার্ডিওগ্রাফির রিপোর্টে হৃদ্‌যন্ত্রের কিছু জটিলতা ধরা পড়ায় তড়িঘড়ি বোর্ডে যুক্ত করা হয় এক জন অভিজ্ঞ কার্ডিওলজিস্টকেও। ফলে এবার থেকে প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যা ছাড়াও, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস ও থাইরয়েডজনিত সমস্যাও নজরে রেখেই চলছে চিকিৎসা।

সোমবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শয্যাপাশে গিয়ে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, “উনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন। অন্তত আরও ১০ দিন হাসপাতালে থাকতে হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও বিপন্মুক্ত নন। চিকিৎসার গতি নির্ভর করছে পরবর্তী ৪৮ ঘণ্টার উপর। সোমবার সন্ধ্যায় নতুন করে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার কথা রয়েছে চিকিৎসকদের। আপাতত বিজেপি সাংসদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে তাঁর পরিবার, সহকর্মী এবং অনুগামীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.