অনেক দিন ধরে প্রকাশ্যে তাঁকে দলের ‘সেনাপতি’ বলছেন দলের বিভিন্ন স্তরের নেতারা। এ বার রাজ্য তৃণমূলের প্যাডেও ঘোষণা করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেনাপতিত্বে’র কথা বলা হয়েছে । রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষর করা দলীয় নির্দেশিকায় জানানো হল, ‘নেত্রী’ মমতার নির্দেশে ১০ মার্চের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন ‘সেনাপতি’ অভিষেক।
আগামী ১০ মার্চের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে (তৃণমূলের তরফে যে সমাবেশকে ‘জনগর্জন সভা’ বলা হচ্ছে) দলের রাজ্য পদাধিকারিদের তরফে দলের জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান, সাংসদ, বিধায়কদের যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ”আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি কেন্দ্রীয় ষড়যন্ত্র ও বঞ্চনার বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ কার্যক্রম ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।’
তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সভাপতি বক্সী এবং সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস ব্রিগেডের ‘জনগর্জন সভা’ নিয়ে বিভিন্ন স্তরের নেতাদের ওই নির্দেশিকা পাঠিয়েছেন। ওই নির্দেশিকায় আরও লেখা হয়েছে, ”বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ এবং অন্তহীন বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ সকাল ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক ঐতিহাসিক প্রতিবাদ জনসভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি এবং নির্ভীক যোদ্ধা ।’







