জেলা

মালদহে নিশি রাতে গুলি: বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম ব্যবসায়ী-

ডোনা রায়, কলকাতা :- নিশি রাতে আতঙ্কের ছায়া মালদহে। সোমবার গভীর রাতে গাজোল এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মনোজিৎ সরকার (৪২)। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ কাজ সেরে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন মনোজিৎ। সেই সময় রাস্তার মাঝপথে একদল দুষ্কৃতী তাঁর গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। দুটি গুলি তাঁর শরীরে লাগে, যার একটি তাঁর পিঠে। গাড়িতেও গুলির চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে তাঁকে গাজোল হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে স্থানান্তর করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা এখনও সংকটজনক।

হামলার পেছনে কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনের নাম জানান হয়নি। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মনোজিৎ সরকারের ব্যবসার পাশাপাশি অবৈধ জুয়ার সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। ব্যক্তিগত শত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলা হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।

ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এর আগে এমন ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা এলাকায় কখনও ঘটেনি। পুলিশ ইতিমধ্যে এলাকায় নজরদারি বাড়িয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনও কারণ – সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.