২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৮ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলা ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন আগামী ১৩ জুলাই থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে www.wbbsedata.com পোর্টালের মাধ্যমে।
পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশনের সময় ছাত্রছাত্রীদের ন্যূনতম বয়স-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নিয়মাবলি পোর্টালে উল্লেখ থাকবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য অনলাইন এবং অফলাইন—দুই ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। তবে কিউআর কোডের মাধ্যমে অর্থপ্রদানের সুযোগ থাকছে না।
অফলাইন পদ্ধতিতে ফি জমা দিলে, সাত দিনের মধ্যে সেই পেমেন্টের চালান বা রসিদের কপি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে রেজিস্ট্রেশন ফর্মের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পর্ষদ আরও জানিয়েছে, যেসব বিদ্যালয় PPR/PPS-2026 সংক্রান্ত নির্ধারিত বকেয়া ফি এখনও পরিশোধ করেনি, তারা বকেয়া মিটিয়ে না দেওয়া পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে না।
নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত নির্দেশিকা মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।







