বিয়ের আগেই হবু স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর ! জুন মাসের ১৯ তারিখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল দুজনের । তার আগেই ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা । ইতিমধ্যেই পুলিশ চা বাগান থেকে মৃতার দেহ উদ্ধার করেছে ।
উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকার ঘটনা । জানা গিয়েছে, মৃতা নারগিস পারভিনের সাথে সুলতান আহমেদের বিয়ে ঠিক হয় প্রায় দেড় মাস আগে । চলতি মাসের ১৯ তারিখই ছিল , তাদের বিয়ে । জানা গিয়েছে , মেয়ের বাড়ির থেকে ৭ লক্ষ টাকা দাবি করেছিল ছেলের পরিবার । সেই দাবী মেনে নেওয়ার পাশাপাশি শনিবার আগাম ছেলের পরিবারকে ৩ লক্ষ টাকাও দেওয়া হয় বলে জানিয়েছে মৃতার পরিবার । তারপর শনিবার রাতেই নারগিস কে আধার ও ভোটার কার্ড নিয়ে বেরোতে বলা হয় । নারগিস বাড়ি থেকে বেরোনোর পর থেকেই , তার আর কোন খোঁজ পাওয়া যায়না বলেই খবর ।
রবিবারও খোঁজ না মেলায় , নিখোঁজ নারগিসের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয় । তারপর রবিবার মধ্যরাতে গিয়ে হবু বউ এর খুনের কথা জানিয়ে থানায় আত্মসমর্পণ করেন সুলতান । কিন্তু কেন এমন কাজ করল সুলতান ? সেবিষয়ে চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ । উল্লেখ্য নারগিসের পরিবারের অভিযোগ , সুলতানের বাবা, ভাই-সহ অনেকেই এই কাজের সাথে জড়িত ।







