গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণহানির ঘটনা আলোড়ন ফেলেছে রাজনীতিতে। এবার গার্ডেনরিচ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই কপালে চোট পেয়েছেন তিনি। তাঁর কপাল এবং নাকে সেলাই পড়েছে। চিকিৎসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে এদিন সকালে দেখা গেল মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
উক্ত ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেন রিচ এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার বিপর্যয়ের কথা জেনে আমি মর্মাহত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, পুলিশের এবং দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে থেকে সবকিছুর তদারকি করছেন। বিপর্যয় মোকাবিলা করার জন্য সারা রাত সেখানে ছিলেন তাঁরা। আমরা নিহতদের নিকটাত্মীয় এবং আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ প্রদান করব। আমরা দুস্থ পরিবারের পাশে আছি এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
পাশাপাশি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘রমজান মাসে এ রকম একট দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমরা সকলেই মর্মাহত। ২ মারা গিয়েছে। ৪-৫ জন আটকে রয়েছে। উদ্ধার কাজ যত তাড়াতাড়ি হবে, তত ভালো। এখানে স্বাস্থ্য, দমকল, পুর দফতরের সবাই আছে। আমি শোকাহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি। বেআইনি কাজ যদি কেউ করে থাকে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে বলব। যাঁদের বেআইনি কাজের জন্য এই ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে।’







