কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মারণাস্ত্রের প্রযুক্তি আরও আধুনিক করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের একাধিক সশস্ত্র সংগঠন! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন এআই সংস্থা অ্যানথ্রোপিক। সংস্থার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হাউথি সংগঠন সম্ভবত গাইডেড মিসাইলের সফটওয়্যার তৈরির ক্ষেত্রে অ্যানথ্রোপিকের এআই চ্যাটবট ‘ক্লাউড’ ব্যবহার করেছে। এই দাবি সত্যি হলে শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রেই তা বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার এই ধরনের অপব্যবহার ভবিষ্যতে অন্য সশস্ত্র বা সন্ত্রাসী সংগঠনগুলির হাতেও পৌঁছে যেতে পারে।
গত বৃহস্পতিবার ১৫৪ পাতার একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে অ্যানথ্রোপিক। সেখানেই এআই প্রযুক্তির অপব্যবহারের একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, বেশ কয়েকটি দেশ ও সংগঠন তাদের ‘ক্লাউড’ প্রযুক্তিকে অনৈতিক বা বিপজ্জনক কাজে ব্যবহার করার চেষ্টা করেছে। ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ‘ক্লাউড কোড’-এর অপব্যবহারের চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে। সরাসরি সংগঠনের নাম না জানানো হলেও, ইঙ্গিত হাউথিদের দিকেই বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ‘ক্লাউড কোড’-এর সাহায্যে গাইডেড মিসাইল-সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রকল্পে দিকনির্দেশ, নেভিগেশন এবং সফটওয়্যার সংক্রান্ত কাজ করা হয়েছে বলে অভিযোগ। অ্যানথ্রোপিকের দাবি, হাউথিরা ২,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল-সমৃদ্ধ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ তৈরির কাজ করছিল। এই প্রকল্পে ক্লাউডের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তবে ওই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হাউথিরা সফলভাবে তৈরি করতে পেরেছে, এমন কোনও নিশ্চিত প্রমাণ অ্যানথ্রোপিকের হাতে নেই। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলেও তা সফল হয়নি।
অ্যানথ্রোপিক আরও আশঙ্কা প্রকাশ করেছে, হাউথিরা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে থাকতে পারে এবং সেগুলির নিশানা আরও নির্ভুল করতে এআই প্রযুক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করছে। শুধু হাউথি নয়, বিভিন্ন দেশের সরকার, সংগঠন, অপরাধী চক্র এবং গুপ্তচর সংস্থার বিরুদ্ধেও ক্লাউড ব্যবহারের অপচেষ্টার অভিযোগ উঠেছে। নজরদারি চালানো থেকে শুরু করে বিপজ্জনক জৈব অস্ত্র তৈরির মতো কাজেও এআই প্রযুক্তি ব্যবহারের চেষ্টা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
যদিও অ্যানথ্রোপিক জানিয়েছে, এই ধরনের অপব্যবহারের বেশিরভাগ প্রচেষ্টাই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়কালে ক্লাউড প্রযুক্তিকে কীভাবে এবং কতবার অপব্যবহারের চেষ্টা করা হয়েছে, তারও বিস্তারিত তথ্য রিপোর্টে তুলে ধরা হয়েছে।







