দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এই বছর হোলি বয়কট করল আম আদমি পার্টি। আগামী ২৬ মার্চ তাঁরা ঘেরাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন। তার পূর্বে ২৪ মার্চ দিল্লির সর্বত্র পোড়ানো হবে প্রধানমন্ত্রীর ছাঁচে গড়া পুতুল। আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক গোপাল রাই এই বিষয়ে জানান। গোপালের দাবি, কেজরিওয়াল ইডির ষড়যন্ত্রের শিকার।
বিশেষভাবে উল্লেখ্য, দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে অরবিন্দ কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগেরই তদন্ত চলছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। উক্ত মামলাতেই অরবিন্দ কেজরিওয়ালের দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া এক বছরেরও অধিক সময়ব্যপী হাজতে আছেন। দলের সংসদ সদস্য সঞ্জয় সিং সেই একই মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফতার হন।
কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। আপ নেতা গোপাল রাই অভিযোগ করেছেন, আপের বিধায়ক এবং কাউন্সিলরেরা কোনও ভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না, তাঁদের বাধা দেওয়া হচ্ছে।







