‘মিঠাই’-এর অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু দোলের উৎসবে বৃন্দাবনে থাকতেই বেশি পছন্দ করেন। ব্রজবাসীদের সঙ্গে রং খেলায় মাতার ইচ্ছে তাঁর। বাস্তব জীবনেও কৃষ্ণভক্ত এই অভিনেত্রী। গত বছর বৃন্দাবন ঘুরে এসেছেন তিনি। খুব শীঘ্রই দীক্ষিত হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।
তবে দোলে নাকি বাড়ি থেকে বেরোন না সৌমিতৃষা। তবে বাড়িতে দোল খেলেন। সৌমিতৃষার কথায়, “আমার দোল আসলে শুরু হয়েছে রবিবার থেকে। কারণ তিথি অনুযাযী রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিথি। আমার বাড়িতে আসলে তিথি মেনে রাধামাধবের পূজো হয়।”
কিন্তু কী কারণে অভিনেত্রীর বাড়িতে এমন বিধিনিষেধ? অভিনেত্রী সঠিক কারণ জানেন না। তবে, খানিক বাধ্য মেয়ের মতোই বাবা-মায়ের আদেশ পালন করেন। সৌমিতৃষার কথায়, “আসলে যত বড়ই হয়ে যাই না কেন, পারিবারিক কিছু মূল্যবোধ রয়েছে, যা মেনে চলি।”







