শনিবার অর্থাৎ আজ ইস্টবেঙ্গলের সঙ্গে মুখোমুখি মুম্বাই সিটি এফসি। মুম্বই সিটির সঙ্গে মাঠে নামার আগে তাদের অঅ্যাটাকিং মিডফিল্ডার স্টুয়ার্টকে আইএসএলের সেরা ফুটবলার বললেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এবারের আইএসএলের অন্যতম সেরা দল মুম্বাই সিটি এফসি।প্রতিপক্ষের স্টুয়ার্টকে সেরা ফুটবলার বললেও ড্র নয়, মুম্বই এরিনা থেকে তিন পয়েন্ট নিয়ে কলকাতা ফিরতে চান লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। মুম্বাই চলে যাওয়ার আগে কুয়াদ্রাত বলেন,আমরা সবাই জানি ওরা খুব ভালো দল। গত বছরের লিগ চ্যাম্পিয়ন। অনেক রেকর্ড ভেঙে এএফসি চ্যাম্পিয়নস লিগে গিয়েছে। যদিও সেখানে ভালো ফল হয়নি ওদের। আমাদের কাছে এই ম্যাচটা তাই খুবই কঠিন ম্যাচ। এই লিগে আমি মনে করি গ্রেগ স্টুয়ার্ট সেরা ফুটবলার। তাই ওকে আটকানোর জন্য আমরা পরিকল্পনা করেছি। গত বছর যত পয়েন্ট প্রয়োজন ছিল প্লে অফে যাওয়ার জন্য, এবার বেশ কিছু ম্যাচ ড্র হওয়ায় তত পয়েন্ট নাও লাগতে পারে। আমি এই ম্যাচ থেকে তিন পয়েন্টের পরিকল্পনা করেছি কারণ, আট ম্যাচের মধ্যে আমরা এখনও পর্যন্ত দুটো ম্যাচ জয় পেয়েছি। সত্যি আমাদের আরও জয় প্রয়োজন।’
ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পাওয়ার পর গত ম্যাচেই পাঞ্জাব এফসির কাছে আটকে যেতে হয়েছে নওরাম মহেশদের। পাঞ্জাব ম্যাচে গোল না করতে পারাকে দোষ দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি এটাও বলেছেন, সারা ম্যাচে প্রাধান্য ছিল তাঁদেরই। তবুও সবকিছুর মধ্যে ইতিবাচক দিকটাকেই খুঁজছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
আরও যোগ করেন, ‘আমি এই দলের মধ্যে একাধিক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। ফুটবলাররা পরিকল্পনামতো ঠিক পথেই এগোচ্ছে। গত দুই ম্যাচে গোল না খাওয়াটাও একটা ইতিবাচক দিক। যা আগের আইএসএলে হয়নি। এর মানে আমরা ভালো কিছু গড়তে চলেছি। সময় লাগবে ঠিকই, তবে এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে শিক্ষণীয়।







