আইপিএল জয় মানেই উদযাপন, উন্মাদনা আর উৎসবের আবহ। কিন্তু বেঙ্গালুরুর বুকে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা যেন সব হিসেব ওলটপালট করে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের আনন্দ মুহূর্তে বদলে যায় কান্নায়—একজন, দু’জন নয়, প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হন আরও অন্তত ৫০ জন। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উৎসবের আগে ভাবতে হবে নিরাপত্তা নিয়ে—এটাই বোর্ডের কড়া বার্তা।
যদিও ঘটনার পর বিসিসিআই সরাসরি কোনও দায় নেয়নি। তাদের বক্তব্য ছিল, আরসিবি কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেই হয়েছিল ওই বিজয় শোভাযাত্রা। কিন্তু সমালোচনার ঝড় সামাল দিতে এবার আর পিছু হঠছে না বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর কখনও না হয়, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে নতুন গাইডলাইন। ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি সুপারিশ জমা দিয়েছে বোর্ডের কাছে। তার উপর ভিত্তি করেই চূড়ান্ত হচ্ছে দশ দফা নির্দেশিকা।
নির্দেশনার মূল উদ্দেশ্য, কোনওরকম তাড়াহুড়ো না করে, প্রয়োজনীয় সময় হাতে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা। আয়োজনের আগে বোর্ডের অনুমতি, প্রশাসনিক ছাড়পত্র এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বাধ্যতামূলক। বিজয়ী দলের খেলোয়াড় থেকে শুরু করে ভক্তদের জন্যও নিশ্চিত করতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। বোর্ডের মতে, আনন্দ তখনই স্বার্থক, যখন তা নিরাপদ।
বেঙ্গালুরু কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিসিসিআই এবার কোনও ঝুঁকি নিতে নারাজ। তারা বুঝেছে, কেবল মাঠে খেলা নয়, মাঠের বাইরে আয়োজনেও থাকতে হবে পেশাদারিত্ব। ক্রিকেট শুধুই খেলা নয়, আবেগের উৎস—তবে সেই আবেগ যেন কারও জীবনের শেষ অধ্যায় না হয়ে দাঁড়ায়, সেটাই এখন প্রধান চিন্তা বোর্ডের।







