মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। বুধবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নিয়ে বেলাগাম মন্তব্য করার অভিযোগ জানিয়ে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তিনি দুর্গাপুরেরই বাসিন্দা। আবার, আসন্ন নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসন থেকেই ময়দানে নামছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
যা জানা যাচ্ছে, ৫০৪, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, গত মঙ্গলবার দিলীপের এহেন আচরণের নিন্দা করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব শো-কজ নোটিস ধরায় তাঁকে। যত দ্রুত সম্ভব তাঁর এহেন মন্তব্য করার কারণ কী তার ব্যাখ্যা চাওয়া হয়। এবং নির্বাচন কমিশনে নালিশও ঠোকে তৃণমূলের প্রতিনিধি দল।
দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই দিলীপকে মানসিক হাসপাতালে পাঠানোর দাবি তোলেন। দেবব্রতর উবাচ, ‘দিলীপ ঘোষ সব সময়ই বাড়তি কথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করলেন তিনি। তারই বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলাম। পুলিস যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী।’







