কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি রুট উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার বিকেল চারটে নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে তাঁর রাজ্যে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেস ধারাবাহিক প্রশ্ন ছুড়ে চাপ বাড়াল বিজেপির উপর।
শাসকদলের প্রথম প্রশ্ন, নৈতিকতার ভিত্তিতে কীভাবে ১৩০তম সংবিধান সংশোধনী বিল আনা হল? দলের দাবি, গত এক দশকে ইডি প্রায় ছ’হাজার মামলা শুরু করলেও মাত্র আটটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্তরা। পাশাপাশি মনে করানো হয়েছে, বিজেপির সাংসদদের বিরুদ্ধেই গুরুতর অপরাধের একাধিক মামলা ঝুলছে। তৃণমূলের বক্তব্য, এই বিল এনে ইডি-সিবিআইকে ব্যবহার করে বিরোধী শাসিত রাজ্যগুলিকে অচল করে দেওয়ার চেষ্টাই করছে কেন্দ্র।
দ্বিতীয় প্রশ্নে তারা জানতে চেয়েছে, যদি ভুয়ো ভোটারদের নাম থাকা তালিকা ব্যবহার করে ২০২৪ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, তবে কেন বর্তমান লোকসভা ভেঙে দেওয়া হবে না? কেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করবেন না?
তৃতীয়ত, দিল্লি পুলিশের এক মন্তব্যে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়া এবং বিজেপির কিছু নেতার বক্তব্যে বাংলাকে ভাষা হিসেবেই অস্বীকার করা নিয়ে মোদীর অবস্থান জানতে চেয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, এতে জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
চতুর্থ প্রশ্নে শাসকদল তুলে ধরেছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হয়রানির প্রসঙ্গ। শেষ প্রশ্নে প্রত্যাশিতভাবেই উঠে এসেছে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য অর্থ না মেলার অভিযোগ। তৃণমূলের হিসেব অনুযায়ী, আবাস যোজনা, সড়ক যোজনা ও ১০০ দিনের কাজ মিলিয়ে রাজ্যের প্রাপ্য ১.৯৩ লক্ষ কোটি টাকা এখনো আটকে রেখেছে কেন্দ্র। শুক্রবার দুপুরেই সামাজিক মাধ্যমে এই পাঁচ দফা প্রশ্ন প্রকাশ করেছে তৃণমূল। সঙ্গে মোদীকে কটাক্ষ করে বলা হয়েছে, “দুঃখিত মোদীজি, বাংলা কোনও নাট্যমঞ্চ নয়। সাহস থাকলে বাংলার মানুষের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে যান।”
এখন নজর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের পাশে মাঠে মোদীর সভার দিকে। সেখান থেকে তিনি তৃণমূলের এই চ্যালেঞ্জের জবাব দেন কি না, তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই। তবে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জনসভায় যোগ দিতে তিনি উদ্গ্রীব এবং তৃণমূলের বিরুদ্ধে জনরোষ প্রতিদিন বাড়ছে। তাঁর বার্তা, উন্নয়নের স্বার্থে রাজ্যের মানুষ ক্রমেই বিজেপির দিকে ঝুঁকছেন। এদিকে মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিতে তৃণমূলও প্রস্তুত। অর্থাৎ শুক্রবারের সভা ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হতে চলেছে।







