পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহরের বেড়াবেড়িয়া গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ হানিফ আলী ২৬ জুন থেকে বন্দি রয়েছেন উড়িষ্যার কটক জেলার বারাঙ্গা থানায়। অভিযোগ, তাঁকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেছে সেখানকার পুলিশ।
তবে পরিবারের দাবি, হানিফ আলীর বৈধ ভারতীয় পরিচয়পত্র—আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড—সবই বর্তমান রয়েছে। তারপরও কেন এই অবস্থা, তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
শেখ হানিফ কাঠের কাজের জন্য দীর্ঘদিন ধরেই উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। বর্তমানে তাঁর মুক্তির দাবিতে ভাই শেখ রিয়াজ আলী আবেদন জানিয়েছেন স্থানীয় থানার পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারির কাছেও।
পরিবারের আকুতি, “আমাদের ভাই ভারতীয়, এটা প্রমাণ করার সব নথি থাকা সত্ত্বেও কেন তাঁকে আটকে রাখা হয়েছে? দয়া করে সরকার হস্তক্ষেপ করুক, আমাদের ভাইকে ঘরে ফিরিয়ে আনুক।”
ঘটনাটি প্রকাশ্যে আসতেই চন্দ্রকোনা এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
👉 ঘটনাটি ঘিরে রাজ্য সরকারের ভূমিকা এখন দেখার।







