ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিংয়ে (NJ-5) মঙ্গলবার বিকেলে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। খোলা লেভেল ক্রসিংয়ের মাঝেই এসে দাঁড়ায় ডিব্রুগড়-কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস। অথচ, গেটম্যান তখন সুইচ রুমে নাক ডেকে ঘুমাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনের চালক প্রায় দশ মিনিট ধরে টানা হর্ন বাজিয়েও গেটম্যানকে জাগাতে ব্যর্থ হন। শেষমেশ গেটম্যানের সহকর্মী এসে তাঁকে জাগিয়ে গেট বন্ধ করেন। ততক্ষণে ট্রেন থেমে যায় লেভেল ক্রসিংয়ের মুখে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের গার্ডও নেমে এসে গেটম্যানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
রেল সূত্রে খবর, বিবেক এক্সপ্রেস প্রায় দশ মিনিট আটকে ছিল ওই লেভেল ক্রসিংয়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) অমরজিৎ গৌতম ছুটে আসেন ময়নাগুড়ি রোড স্টেশনে। DRM জানিয়েছেন, গেটম্যানের গাফিলতি প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে। DRM আরও বলেন,”গেট বন্ধ না থাকলেও স্বয়ংক্রিয় সিগন্যাল লাল হয়ে যাওয়ায় ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে যায়। তাই বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
জানা গিয়েছে, গাফিলতিতে অভিযুক্ত গেটম্যান হিরেন্দ্রনাথ রায় সেনাবাহিনীতে চাকরি করার পর গত তিন মাস ধরে রেলের গেটম্যান পদে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দা দেবদুলাল বৈদ্য বলেন,”গাড়ি চলছিল রাস্তা দিয়ে। ট্রেনের হর্ন শুনে দেখি ট্রেন থেমে আছে, আর মানুষজন রেললাইন পার হচ্ছে। খুব ভয় লাগছিল।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গেটম্যানদের দায়িত্ব পালনে আরও কড়াকড়ি করা হবে যাতে এমন ঘটনা আর না ঘটে।







