দুর্গাপুজোয় কলকাতামুখী যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর ব্যস্ত সময়ে মোট ৫১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। গত বছর যেখানে ৩১টি স্পেশাল ট্রেন চলেছিল, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫১।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, ১৬ থেকে ২১ অক্টোবর পুজোর সবচেয়ে বেশি ভিড়ের সময়ে বিশেষ ট্রেন পরিষেবা চালানো হবে। এর মধ্যে রাতভর শিয়ালদহের মেন, নর্থ ও সাউথ শাখায় চলবে ৩৮টি স্পেশাল EMU। সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার জন্য আরও ১৩টি স্পেশাল ট্রেন চালানো হবে।
পুজোর আগে বাজারের ভিড় সামাল দিতে ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চারটি স্পেশাল EMU চালানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ১০ থেকে ২৫ অক্টোবর দীর্ঘপথের ট্রেনের ৮০টি অতিরিক্ত ট্রিপ চালানো হবে।
পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর সব সাবার্বান EMU প্রত্যেক স্টেশনে দাঁড়াবে। ১৮ অক্টোবর বনগাঁ শাখায় চালু থাকবে AC লোকাল পরিষেবাও।
ভিড় নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার বিশেষ ওয়ার রুম, CCTV নজরদারি, মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক ও মোবাইল মেইনটেন্যান্স টিম রাখা হচ্ছে। শিয়ালদহ স্টেশন চত্বরে পুজোর পাঁচদিন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে অতিরিক্ত টয়লেট ব্লক এবং রানাঘাট ও ব্যারাকপুরে অতিরিক্ত টিকিট কাউন্টারও তৈরি করা হয়েছে।







