যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের তরফে এবার প্রকাশ্যে এলো নয়া নির্দেশিকা। প্রথম বর্ষের পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়ে ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এতদিন কোনো নিয়ম না মানা হলেও এবার সকলকে তা মানতেই হবে। হোস্টেলে থাকা ছাত্র ছাত্রীদের জন্য একাধিক নিয়ম – নিষেধ রয়েছে বিজ্ঞপ্তিতে।
কী কী বলা হয়েছে ছাত্রদের উদ্দেশ্যে?
১. বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি হোস্টেল আছে প্রত্যেকটির গেট খোলা হবে সকাল ৬ টায় আর বন্ধ হবে রাত ১০ টায়।
২. রাত ১০ টার মধ্যে সকলকে হোস্টেলের ভিতর ঢুকে পড়তে হবে।
৩. যদি কোনো পড়ুয়া রাত ১০ টার মধ্যে ফিরে না আসতে পারে তাহলে আগে থেকেই হোস্টেল সুপারের থেকে অনুমতি নিতে হবে।
৪. আবাসিক পড়ুয়াদের কাছে অতি অবশ্যই হোস্টেলের পরিচয়পত্র থাকতে হবে।
৫. হোস্টেল কর্তৃপক্ষ যখনই পরিচয়পত্রটা দেখতে চাইবেন তখন সেটা বাধ্যতামূলক দেখাতেই হবে। যদি পরিচয় পত্র না থাকে তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।







