সত্যি হল জল্পনা! আসন্ন উইমেন’স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলাদের অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। আপাতত হরমনপ্রীত কউরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত ভারতীয় মহিলা দল।
এই প্রসঙ্গে বিরাট-উবাচ, ‘১০ বছর ধরে একটা দলকে নেতৃত্ব দিয়েছি। নেতা হওয়ার মানে শুধু দলকে নেতৃত্ব দেওয়া নয়, এমন একটা সংস্কৃতি তৈরি করা যা বছরের পর বছর ধরে চলবে। ফ্যাফ দুপ্লেসি খুব ভাল ভাবে গত বছর দায়িত্ব সামলেছে।’ কোহলির সংযোজন, ‘এক ১৮ নম্বর আর এক ১৮ নম্বরকে দায়িত্ব তুলে দিচ্ছে। আরসিবির মহিলাদের দলের অধিনায়কের নাম স্মৃতি মন্ধানা।’
উল্লেখ্য, ব্যাঙ্গালোর স্মৃতি মন্ধানাকে দলে নিতে ব্যয় করে মোট ৩ কোটি ৪০ লক্ষ টাকা। দেশের হয়ে ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। রান ২৬৫১। আপাতত বিশ্বকাপের জন্য মন্ধানা রয়েছেন দক্ষিণ আফ্রিকায়।







