ইংল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়া ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে। তবে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী স্পিন সহায়ক পিচে তাদের চ্যালেঞ্জ আরও কঠিন হতে পারে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনারদের পক্ষে সহায়ক। এর ধীর প্রকৃতি ব্যাটারদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করে। তবে সাম্প্রতিক আইপিএল ম্যাচগুলোতে ব্যাটিং-সহায়ক পিচও দেখা গেছে, যা একটি নতুন পিচে উচ্চ-স্কোরিং ম্যাচের সম্ভাবনা উজ্জ্বল করছে।
ক্রিকেট ভক্তরা স্বস্তি পেতে পারেন, কারণ শনিবার চেন্নাইয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেদিন আর্দ্র পরিবেশ থাকবে, তাপমাত্রা ২৩°C থেকে ২৯°C-এর মধ্যে থাকবে, যা চেন্নাইয়ের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় কিছুটা ঠান্ডা।
ভারতের স্পিন ত্রয়ী—অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীরা প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ম্যাচে মাত্র একজন ফ্রন্টলাইন পেসার নিয়ে মাঠে নামে, তাই এবারও একই কৌশল অবলম্বন করতে পারেন কোচ গৌতম গম্ভীর। বিশেষত চেন্নাইয়ের পিচে স্পিনারদের কার্যকারিতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাওয়ারপ্লেতে আর্শদীপ সিংয়ের নতুন বলের আক্রমণ ইংল্যান্ডের শুরুর ঝড় থামাতে গুরুত্বপূর্ণ হতে পারে। তার সুইং ও ডেথ ওভারের নিখুঁত ইয়র্কার ইংল্যান্ডের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রথম ম্যাচে চার পেসার নিয়ে নামা ইংল্যান্ড দল এবার স্পিন সহায়ক পিচে রেহান আহমেদকে খেলানোর কথা ভাবতে পারে। তরুণ এই স্পিনার চাপের মুহূর্তে পারফর্ম করার সক্ষমতা দেখিয়েছেন।
প্রথম ম্যাচের আত্মবিশ্বাস এবং চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচের কারণে ভারতই দ্বিতীয় টি-২০তে এগিয়ে থেকে নামবে। তবে ইংল্যান্ড ঘুরে দাঁড়ালে ম্যাচ হতে পারে উত্তেজনাপূর্ণ।







