অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক মতপোষণ দিলীপ ঘোষের। তাঁর সাফ বক্তব্য, ‘ওই একজনই তৃণমূলের সফল জেলা সভাপতি। বাকিরা যায় আসে। ওরাই ভোট করে। ওরাই সংগঠন করে।’ উক্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকেরও নাম করে দিলীপের সংযোজন, ‘পার্থ, বালুর বিকল্প আছে।’
উল্লেখ্য, প্রতিদিনের মতোই ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের সামনাসামনি হন প্রবীণ বিজেপি সাংসদ। প্রশ্ন করা হয়, ‘তাহলে কি অনুব্রতর বিকল্প নেই?’ জবাবে দিলীপের উবাচ, ‘উনি কয়লা, বালি, পাথর, গরু, চাকরি, সব জায়গায় লুঠ করেছে। পার্টিকে সুবিধা দিয়েছে। তাই ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে। বাকিরা দিদির নামে করে খেয়েছেন। অনুব্রত মণ্ডলের গুরুত্ব অনেক বেশি। তিনি দিদিকে বড় করেছেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, বাইশের ১১ অগাস্ট গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বছর খানেকেরও অধিক সময় ধরে হাজতে তিনি। জেলে যাওয়ার পূর্বে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির পদ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সামলেছেন। এহেন আবহে, গত পঞ্চায়েত ভোটের মুখে জেলার সংগঠনের দায়িত্ব সামলাতে বীরভূমে কোর কমিটি তৈরি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির সদস্য ৭।







