কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মৃত্যুর বহু বছর পরও তাঁকে ঘিরে নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। এবার মার্কিন বিচার বিভাগের প্রকাশিত বিপুল নথিতে উঠে এসেছে এক রহস্যময় নারীর নাম— বেলারুশে জন্ম নেওয়া ডেন্টিস্ট কারিনা শুলিয়াক। জানা গিয়েছে, জীবনের শেষ আট বছরে এপস্টেইনের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনিই।
তদন্তে প্রকাশ, মৃত্যুর আগে নিজের প্রায় ১০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৯৬২ কোটি টাকা) মূল্যের সম্পত্তির প্রধান উত্তরাধিকারী হিসেবে কারিনার নাম উইলে লিখে গিয়েছিলেন এপস্টেইন। সেই সম্পত্তির তালিকায় ছিল নিউ ইয়র্কের বিলাসবহুল টাউনহাউস, প্যারিসের অভিজাত অ্যাপার্টমেন্ট, নিউ মেক্সিকোর বিশাল র্যাঞ্চ, ভার্জিন দ্বীপপুঞ্জের ব্যক্তিগত দ্বীপ এবং ৩২ ক্যারেটের একটি হিরের আংটি।
তবে বাস্তবে সেই সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা কার্যত নেই কারিনার। কারণ, এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাঁর অধিকাংশ সম্পত্তিই ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
নথিতে আরও দাবি করা হয়েছে, ২০১১ সালে স্টুডেন্ট ভিসায় নিউ ইয়র্কে আসার পর এপস্টেইনের সঙ্গেই পরিচয় হয় কারিনার। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। পরে একটি নামী ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এপস্টেইন নিজের প্রভাব ও অর্থ ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ। এমনকি আমেরিকায় স্থায়ীভাবে থাকার সুবিধার জন্য একটি ভুয়ো বিয়ের ব্যবস্থাও করেছিলেন বলে তদন্তে উল্লেখ রয়েছে।
শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, এপস্টেইনের একাধিক বিলাসবহুল বাড়ির দেখভাল, কর্মীদের তদারকি, ব্যক্তিগত বিমানে সফর এবং তাঁর ব্যক্তিগত দ্বীপে ডেন্টাল ক্লিনিক পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন কারিনা। তাঁর পরিবারের চিকিৎসা ও জীবনযাত্রার খরচও বহন করেছিলেন এপস্টেইন।
তদন্তকারী সংস্থার দাবি, এপস্টেইনের বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে কারিনার কিছুটা ধারণা থাকলেও, তাঁর বিরুদ্ধে অপরাধে সরাসরি জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। এমনকি এফবিআই-ও তাঁকে অভিযুক্ত হিসেবে জেরা করেনি।
এপস্টেইনের মৃত্যুর পর জনসমক্ষে নিজেকে আড়াল করে ব্রুকলিনে ডেন্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন কারিনা। কিন্তু ২০২৬ সালে বিচার বিভাগের গোপন নথি প্রকাশ্যে আসার পর তাঁর পরিচয় আবার সামনে চলে আসে। সামাজিক মাধ্যমে ছবি ও তথ্য ছড়িয়ে পড়তেই তিনি কর্মস্থলেও যাওয়া বন্ধ করে দেন বলে জানা গিয়েছে।
একসময় শত কোটি টাকার সম্পত্তির সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে যাঁর নাম উঠে এসেছিল, আজ সেই কারিনা শুলিয়াকই ফের বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে— তবে সম্পদের জন্য নয়, জেফরি এপস্টেইনের জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়ের অন্যতম চরিত্র হিসেবে।







