সম্প্রতি নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’ নিয়ে পথচলা শুরু করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তবে যাত্রার শুরুতেই তাঁদের নাম ও সংস্থার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ সামনে এল। যিশু সেনগুপ্ত লক্ষ্য করেন, সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁদের প্রোডাকশন হাউসের নাম এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি নকল অ্যাকাউন্ট খুলেছে।
এই ঘটনায় সঙ্গে সঙ্গে সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করেন যিশু। এরপর দু’জনে সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তাই তাঁরা তাঁদের নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেল থেকে ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে সতর্কবার্তা দেন।
সৌরভ জানিয়েছেন, প্রতারণার উদ্দেশ্যে তৈরি অ্যাকাউন্টের নামটি খুবই কাছাকাছি— ‘হোয়াই সো সিরিয়াস ফিল্ম’, যেখানে প্রকৃত সংস্থার নাম ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। এই সূক্ষ্ম পার্থক্যেই বিভ্রান্ত হতে পারেন অনেকেই।
এই ধরনের নকল প্রোফাইল অনেক সময় সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তাই অভিনেতা জুটি সকলকে অনুরোধ করেছেন, প্রযোজনা সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই করে নিতে। জানা গেছে, এই প্রযোজনা সংস্থা খুব শীঘ্রই সিনেমা, সিরিজ এবং সিরিয়ালের প্রযোজনা শুরু করতে চলেছে।







