মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গদ্দার’ মন্তব্যের পালটা জবাবে এবার মিঠুন চক্রবর্তী। ভোটের প্রচারে তাঁকে ‘গদ্দার’ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্তব্যে সুর চড়ালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রীর গদ্দার প্রসঙ্গ টেনে মিঠুনের উবাচ, ‘মুখ্যমন্ত্রী আমাকে গদ্দার বলেছেন। এতদিন আমি চুপ ছিলাম। কিন্তু, আমারও পরিবার আছে। ছেলে-মেয়ে, মা-বাবা রয়েছে। রামায়ণে যেমন সীতা মা আছেন, সুর্পণখাও আছে। আমিও আঘাত করব। আমাকে গদ্দার বললে এবার থেকে মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রীকে গদ্দারনি বলব!’ নেতার সংযোজন, ‘এবার সরকার পরিবর্তন না হলে, মানুষকে আরও বড় দুর্নীতির মুখে পড়তে হবে। কেউ ওদের আটকানোর থাকবে না।’
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের মতো এবারের লোকসভাতেও মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা হিসেবে প্রচারে অংশ নিচ্ছেন, জনসভায় ভাষণ দিচ্ছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণ করেছিলেন। মমতা রায়গঞ্জের সভা থেকে বলেছিলেন, ‘ভোটের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না, ও বাংলার আরেকজন বড় গদ্দার।’ এই মন্তব্যেরই কড়া প্রতিক্রিয়া এবার মিঠুনের গলায়।







