সকালের জলখাবার হোক কিংবা বিকেলের আড্ডা, পরোটা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে একই ধরনের আলুর পরোটা বা লুচি-তরকারি খেতে খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে, তা হলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিংড়ি মাছের পরোটা। বাইরে থেকে মুচমুচে, আর ভিতরে মশলাদার চিংড়ির পুর—এই পদ একবার চেখে দেখলে স্বাদ মনে থেকে যাবে। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।
চিংড়ি মাছের পরোটা বানাতে কী কী লাগবে?
ছোট বা মাঝারি চিংড়ি মাছ ২০০ গ্রাম
আটা ২ কাপ
পেঁয়াজ কুচি ১টি
আদা-রসুন বাটা ১ চা চামচ
কাঁচালঙ্কা কুচি ২টি
হলুদ গুঁড়ো আধ চা চামচ
জিরে গুঁড়ো আধ চা চামচ
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
নুন স্বাদমতো
তেল প্রয়োজনমতো
সামান্য গরম মশলা (ইচ্ছেমতো)
কী ভাবে বানাবেন চিংড়ি মাছের পরোটা?
প্রথম ধাপ: প্রথমে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। নুন ও সামান্য হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে চিংড়ি ছোট ছোট করে কুচিয়ে বা থেঁতো করে রাখুন।
দ্বিতীয় ধাপ: কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এ বার চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। পুর শুকনো হয়ে এলে ধনেপাতা ও সামান্য গরম মশলা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন।
তৃতীয় ধাপ: আটা, নুন ও অল্প তেল দিয়ে জল মিশিয়ে আটা টাকে মেখে রাখুন । ঢাকা দিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর ছোট ছোট লেচি কেটে বেলে মাঝখানে চিংড়ির পুর দিন। চারদিক থেকে মুড়ে আবার আলতো করে বেলে নিন, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে।
চতুর্থ ধাপ: গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ সেঁকে নিন। অল্প অল্প তেল বা ঘি দিয়ে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।
স্বাদ বাড়ানোর সহজ টিপস
পরোটার পুরে বেশি জল রাখবেন না, তা হলে বেলার সময় পরোটা ফেটে যেতে পারে। চাইলে পুরে সামান্য লেবুর রস মেশাতে পারেন। গরম গরম চিংড়ি মাছের পরোটা টম্যাটো সস, ধনেপাতার চাটনি কিংবা টক দইয়ের সঙ্গে পরিবেশন করুন। বাড়িতেই তৈরি হয়ে যাবে মুখরোচক এক অভিনব জলখাবার!







