সন্দেশখালির ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ সাজানো কিনা টা নিয়ে নতুন করে হচ্ছে জল্পনা। গোপন ক্যামেরায় তোলা ভিডিয়োতে (যার সত্যতা যাচাই করা হয়নি) স্থানীয় বিজেপি গঙ্গাধর কয়ালের বক্তব্যের পরে এ বার একই দাবি শোনা গিয়েছে স্থানীয় তিন মহিলার মুখে। তবে ‘স্টিং অপারেশনে’ নয়, প্রকাশ্যে। শনিবার প্রকাশ্যে আসা সেই তিনিটি ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি সময় ৩৬৫।
নিয়তি মাইতি, তপতী মাইতি এবং মিতা মাইতি নামে ওই তিন মহিলারই বলেন, ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা অনুসারে। নিয়তি মাইতি জানিয়েছেন, ‘মহিলা কমিশন যে দিন থানায় এসেছিল, সে দিন তাঁর আমার মতো অনেককেই ডেকে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি’। তিনি বলেন, ‘‘তোমাদের কী অভিযোগ আছে বলো’। আমি বলেছিলাম, ‘আমার জব কার্ডের (মনরেগা) টাকা পাইনি, রান্নার টাকা পাইনি, টাকাটা যেন পাই। আর কোনও অভিযোগ নেই।’
তার পরেই নিয়তি দাবি করেন, ‘‘ধর্ষণ-টর্ষণ কেউ করেনি আমাদের। মাম্পি আমাদের ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল।’’ তপতীর অভিযোগ, তাঁর খুড়শাশুড়ি মিতাকেও একই ভাবে থানায় নিয়ে সাদা কাগজে সই করিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল। তিনি বলেন, ‘‘সাত দিন পরে পুলিশ যখন যায় নোটিস নিয়ে, তখনই আমরা জানতে পারি ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। কিন্তু তেমন কিছুই ঘটেনি।’’ তপতীরও অভিযোগের আঙুল পিয়ালি ওরফে মাম্পির দিকে। তাঁর অভিযোগ, ‘মাম্পি বহিরাগত এবং তিনি সন্দেশখালির ভোটার নন।’
তপতীর খুড়শাশুড়ি মিতার দাবি, তাঁকে সাদা কাগজে সই করিয়েছিলেন মাম্পি। তিনি বলেন, ‘‘চার-পাঁচ দিন পরে থানার নোটিস আসার পরে জানতে পারলাম আমি নাকি ধর্ষণের অভিযোগ করেছি! কিন্তু আমাদের সঙ্গে তেমন কিছু ঘটেইনি। আমরা জানতামই না আমাদের নাম করে মিথ্যা মামলা করা হয়েছে। আমাদের অবমাননা করা হয়েছে। মাম্পির শাস্তি চাই।’’ শুধু তাই নয়, মিথ্যা মামলা প্রত্যাহার করতে চাওয়ায় বিজেপি নেত্রী মাম্পি এবং তাঁর সঙ্গীরা তাঁকে ‘খুনের হুমকি’ দিচ্ছেন বলেও অভিযোগ করেন মিতা। তিনি বলেন, ‘‘তাই আমি থানায় অভিযোগ জানিয়েছি।’’







