দিল্লিতে প্রধানমন্ত্রীর রোড শো! সেই রোড শো ঘিরে দিল্লির প্রশাসনিক স্তরের পাশাপাশি প্রবল ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বিজেপির অভ্যন্তরেও। সোমবার থেকেই শুরু হচ্ছে বিজেপির জাতীয় পর্যায়ের ২ দিনের কর্মসমিতির বৈঠক। এই বৈঠক থেকেই চব্বিশের লড়াইয়ের দিক স্থির করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
অন্যদিকে আবার কংগ্রেসের দাবি, আগে যেহেতু দিল্লিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বিপুল সাড়া পায়, তার দরুন প্রধানমন্ত্রী এবার দিল্লিতে রোড শো করছেন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের উবাচ, ‘ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখে প্রধানমন্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বিজেপিকে দিয়ে রোড-শোয়ের নামে রসিকতার আয়োজন করছেন। যা রাজধানী দিল্লির রাস্তায় সামান্য দূরত্ব চলবে। এইরকম ফাঁপা, সাজানো অনুষ্ঠান করে শুধু প্রধানমন্ত্রীর হয়ে যাঁরা ঢাক পেটান, তাঁদেরই ব্যস্ত রাখা যাবে।’
গেরুয়া শিবিরের জাতীয় কার্যনির্বাহী বৈঠক ১৬ ও ১৭ জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সভাপতি জেপি নাড্ডার মতো শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় ও রাজ্যের পদাধিকারী এবং সিনিয়র মন্ত্রীরা উক্ত বৈঠকে যোগদান করছেন।







