বিনোদন

ভাইকে হারিয়ে শোকস্তব্ধ বর্ষীয়ান তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

বারাসতের তারকা বিধায়ক ও বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর ভাই অমিতাভ চক্রবর্তী। বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। হঠাৎ মৃত্যুতে স্তব্ধ পরিবার, বাকরুদ্ধ স্বজনেরা।

অভিনেতা জানান, চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা চলছিল অমিতাভের। একবার বুকে সামান্য সমস্যা দেখা দিলে ইসিজি করা হয়, কিন্তু রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসক ইকো-কার্ডিওগ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা আর করা হয়নি। সেই অবহেলাই হয়ে উঠল মৃত্যুর কারণ—এমনটাই আক্ষেপ চিরঞ্জিতের।

ঘটনার দিন সকালে স্ত্রীকে বলেছিলেন, ‘গতরাতে ভাল ঘুম হয়েছে, শরীরও বেশ ভালো লাগছে।’ সেটাই ছিল অমিতাভ চক্রবর্তীর স্ত্রীর সঙ্গে শেষ কথা। কিছুক্ষণ পরে শুয়ে পড়েন তিনি। স্ত্রী এসে দেখেন—চোখ বন্ধ, আর কোনও সাড়া নেই। ঘুমের মধ্যেই চিরবিদায়।

চিরঞ্জিত আবেগভরে বলেন, “ছোটবেলায় ভাইকে কোলে করে কত ঘুরেছি! সেই ভাইয়ের শ্মশানযাত্রা দেখতে হবে ভাবিনি। কাউকে বিরক্ত করল না, নিজেও কষ্ট পেল না। যেন চুপিচুপিই টা-টা করে চলে গেল।” তিনি আরও জানান, গোলপার্কের বাড়িতে দিদিদের সঙ্গেই থাকতেন অমিতাভ, নিয়মিত কথাও হত তাঁদের।

চিরঞ্জিতের এই পারিবারিক শোক বারাসত সহ গোটা টলিপাড়াতেই ছড়িয়ে দিয়েছে গভীর দুঃখের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.