বেলডাঙার স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার শুরু হল আইনি প্রক্রিয়া। নবগ্রাম থানায় দায়ের হওয়া একটি ধর্ষণের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আইনি নোটিশ পাঠিয়ে পুলিশ নির্দেশ দিয়েছে, আগামী ১ জুলাই সকাল ১০টায় কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে।
জানা গিয়েছে, নবগ্রামের এক মহিলা অভিযোগ করেছেন যে, ২০১৩ সালে তাঁর সঙ্গে শারীরিক নিগ্রহ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছিলেন স্বামী প্রদীপ্তানন্দ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি FIR রুজু করেছে নবগ্রাম থানার পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেলডাঙা থানার পুলিশ ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখায় গিয়ে আইনি নোটিশ পৌঁছে দেয়।
তবে সে সময় কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন বেলডাঙা থানার আইসি সুমিত তালুকদার। তাঁর কথায়, “নবগ্রাম থানার অভিযোগের ভিত্তিতেই আমরা নোটিশ দিয়েছি।”
ঘটনাটি সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে সাধুসমাজে। অভিযুক্ত এক জনপ্রিয় ধর্মগুরুর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় তৈরি হয়েছে বিতর্কের ঝড়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া অনুযায়ী মহারাজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। আগামী দিনে আরও কী চমক আসে, সেদিকে নজর গোটা জেলার।







