সন্দেশখালি যেতে বাধা পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার ১৪৪ ধারার উল্লেখ করে শুধুমাত্র বিরোধী দলের নেতাদের সন্দেশখালি যেতে বাধাদান করছে, এদিকে তৃণমূল নেতারা এলাকায় অবাধ প্রবেশাধিকার পাচ্ছেন।
উল্লেখ্য, সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার ফের আটকায় পুলিস। ১৪৪ ধারা জারি থাকায় সরবেড়িয়া পেরোতেই রামপুর নস্করপাড়ায় আটকানো হয়। বাস থেকে নেমে রাস্তায় দু’ঘণ্টা ধর্না দেন শুভেন্দুরা। পরবর্তীতেই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।
শুভেন্দুর দাবি, পুলিস তাঁর কাছে আরও জানিয়েছে যে, শুভেন্দুরা কোনও ভুল করেননি। সন্দেশখালি যেতে না পারায় তিনি আজই যান আদালতে। আদালতের নির্দেশ হাতে নিয়েই তিনি সন্দেশখালি যাবেন বলেও সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন তিনি।







