বাংলা একটি খুব চলতি প্রবাদ আছে একই রকম দেখতে কিন্তু একই রকম আচার-আচরণ হলেই তখনই কেউ বলে ওঠে গঙ্গাসাগর থেকে খুঁজে পাওয়া ভাই অথবা বোন। তবে এই গল্পটা একেবারেই অন্য। প্রায় তেরো বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী। বলাই বাহুল্য এবারে সাগর মিলিয়ে দিয়েছে এক দম্পতিকে।
ছত্রিশগড়ের বাসিন্দা ললিত বারেথ, বছর ১৩ আগে নিজের স্ত্রী গুরবারির চিকিৎসার জন্য সাথে একরত্তি সন্তানকে নিয়ে কলকাতায় এসেছিলেন। স্ত্রী গুরবারির ছিল মানসিক সমস্যা। অচেনা শহরে অচেনা পরিবেশে কাউকেই চিনতেন না তারা। কিন্তু ভাগ্যের কি পরিহাস কলকাতা রাস্তায় হঠাৎই নিজের স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলেন ললিত।
বহু খোঁজাখুঁজির পরও তার স্ত্রী ও সন্তানকে খুঁজে না পেয়ে হতাশ হয়েই ছত্রিশগড়ে ফিরে যান ললিত। কিন্তু দ্বিতীয়বার বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। প্রতিজ্ঞা করেছিলে নিজের স্ত্রীর সন্তানকে খুঁজে বের করবেন। তাই প্রতিবছর গঙ্গাসাগরের কুম্ভ মেলায় তিনি আসতেন তার স্ত্রী সন্তানকে খুঁজতে।
অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ললিতের স্ত্রী কলকাতা শহরের অলিতে গলিতে একরত্তি সন্তানকে নিয়ে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে উদ্ধার করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে বহু চেষ্টা করা হলেও তার ঠিকানা, পরিচয় না জানতে পেরে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের একরত্তি সন্তানকে পাঠানো হয় হোমে।
মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ তেরোটা বছর। ললিতের স্ত্রী এখন পুরোপুরি সুস্থ। সুস্থ হবার পর তার বাড়ির ঠিকানা সবকিছুই মনে পরতেই খোঁজখবর শুরু করে কলকাতা পুলিশ। আর সেই সময় তারা জানতে পারে ললিত এসেছে গঙ্গাসাগরের মেলায়। দুই রাজ্যের পুলিশের সহযোগিতায় অবশেষে তারা দুজন মিলিত হয়। বছর তেরো আগে এই সাগর মেলার সময়ই হারিয়ে যাওয়া নিজের স্ত্রীকে খুঁজে পেলেন ছত্রিশগড়ের ললিত।







