বদল হলো ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপের সময়সীমা। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠক্রমে ইন্টার্নশিপ করা বাধ্যতমূলক কলেজ পড়ুয়াদের জন্যে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আগে নির্দেশ দেওয়া হয়েছিল, এই বছরের গরমের ছুটি ১৬ মে থেকে ৩০ মের মধ্যে ইন্টার্নশিপ শেষ করতে হবে। কিন্তু তা বদল করলো কতৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, ১৬ মে থেকে ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে ইন্টার্নশিপ।
বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, ইন্টার্নশিপের বিষয়টি দেখার জন্য প্রতিটি কলেজে এক জন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। বিভিন্ন কলেজ থেকে আগে ১৬ মে থেকে ৩০ মে ‘সামার ইন্টার্নশিপ’ করার নির্দেশ দেওয়ার পরে আপত্তি উঠেছিল। কারণ, অনেক কলেজ বন্ধ থাকার কথা লোকসভা নির্বাচন চলার সময়ে।
আশপাশের বিভিন্ন সংগঠন বা সংস্থায় পড়ুয়ারা এই ইন্টার্নশিপ করতে পারবেন জানিয়েছে বিশ্ববিদ্যালয়। ইন্টার্নশিপ সংশ্লিষ্ট কলেজও পড়ুয়াদের করাতে পারবে। যেমন, এই ইন্টার্নশিপের আওতায় স্থানীয় কোনও বিষয় নিয়ে ফিল্ড সার্ভে আসবে। যে সংগঠনে ইন্টার্নশিপ করবেন পড়ুয়ারা, সেই সংগঠনই শংসাপত্র দেবে। কলেজ যদি নিজেরা ইন্টার্নশিপ করায়, তা হলে শংসাপত্র দেবে তারাই। এক জন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে সামগ্রিক বিষয়টির ব্যবস্থাপনা করার জন্য। ওই অফিসার মূলত দেখবেন পড়ুয়ারা কোথায় ইন্টার্নশিপ করবেন। তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করবেন ইন্টার্নশিপের সম্ভাবনা খতিয়ে দেখতে।







