রাজ্য

‘বিজেপির চিহ্ন বুকে লাগিয়ে করুন’, কার্তিক মহারাজের প্রতি ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। এদিন ফের এই বিষয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। ওন্দার সভায় নিজের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘ধর্মের নামে বিজেপি করে বেড়ান। বিজেপির চিহ্ন বুকে লাগিয়ে করুন। প্রমাণ ছাড়া কিছু বলি না।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমি কী বলেছিলাম? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? কেন অসম্মান করব! কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, দেখতে গিয়েছিলাম। সেটা নয়। আমি বলেছি দু’একজনের কথা। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে। আশ্রম আছে। ওরা ভাল। ওরা ভালবাসে। আমি একটি লোকের নাম বলেছিলাম। তাঁর নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্টকে বসতে দেননি। ভোটের আগে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে, তার হোতা ছিলেন উনি। আগে অধীর করতেন। এখন বিজেপি করেন। রেজিনগরে ভোটের ২ দিন আগে দাঙ্গা করেছিলেন, সেখানে ওঁর আশ্রম। আশ্রম চালান, আপত্তি নেই। উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না। ওখানে কিছু লোককে খেপিয়েছেন, যাঁরা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপি করে বেড়ান। আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন?’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলেই চিঠিতে উল্লিখিত আছে। কার্তিকের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও অর্থ নেই। সম্মানহানির চেষ্টায় তিনি ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন, অভিযোগ এমনই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.