দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জয় জগন্নাথ, জয় বাংলা। এই মন্দির মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।” তিনি জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি রাজ্যের প্রতিটি বাড়ি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে পাঠানো যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পাশেই গজা, প্যারা, খাজার দোকান তৈরি হচ্ছে। মূল মন্দিরে ধ্বজা উত্তোলন করা হয়েছে।” মন্দিরের শীর্ষে রয়েছে অষ্টধাতুর বিষ্ণু চক্র, এবং চারটি প্রবেশদ্বার রয়েছে।
মন্দিরের গঠন সম্পর্কে তিনি বলেন, “এখানে গর্ভগৃহ, নাটমন্দির, ভোজমণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ রয়েছে। পাথর ও নিমকাঠের বিগ্রহের সংমিশ্রণ এই মন্দিরকে এক অনন্য রূপ দিয়েছে। চত্বর ঘিরে ৫০০-র বেশি গাছ রোপণ করা হয়েছে। এটি হাজার হাজার বছর ধরে অপূর্ব সৃষ্টি হিসেবে রয়ে যাবে।”
দ্বারোদ্ঘাটনের পর অতিথিদের প্রসাদ পাঠানো হবে, এবং ধীরে ধীরে সাধারণ মানুষের প্রবেশেরও ব্যবস্থা করা হবে। তিনি তিন বছরের কঠোর পরিশ্রমের জন্য শিল্পী, পুরোহিত, তারকা ও কর্মীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে জানান, “স্থানীয় মানুষের সহায়তা ছাড়া এত বড় কাজ সম্ভব হত না।”







