সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর পাওয়া যায়, প্রায় কুড়ি মিনিট সৌরভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সৌরভ গাঙ্গুলিকে আসার জন্য বলেছিলেন। সৌরভ নিজেই জানান নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি। তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সৌরভ সেই নিয়ে আলাদা করে কিছু বলতে চাননি। প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান, ব্যক্তিগত কারণের জন্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর আগেও নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠক হয়েছিল। তবে সরকারিভাবে এদিনের বৈঠক বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, এর মধ্যে রাজনীতির কোনও রকম যোগাযোগ নেই বলেই জানা গিয়েছে। তবে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সিএবির স্টেডিয়ামের জন্য জমি সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। ইতিমধ্যেই সিএবি রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনছে নতুন স্টেডিয়াম করার জন্য। সিএবির সেই জমি পাওয়ার কথা রাজারহাটে। সেই জমি জায়গা চূড়ান্ত হয়েছে বলেই খবর। জমির কাগজপত্র হস্তান্তর হয়ে গেলেই সিএবি স্টেডিয়াম তৈরির কাজে হাত দেবে। গত বছর শেষদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সময় সোচ্চার হয়েছিলেন। খোদ মুখ্যমন্ত্রী সৌরভকে বিসিসিআই সভাপতি পদে রেখে দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আইনত সুযোগ থাকা সত্ত্বেও সৌরভ দ্বিতীয়বারের জন্য বিসিসিআই সভাপতি পদে বসার সুযোগ পাননি।
মুখ্যমন্ত্রী অতীতেও সব সময় সৌরভের পাশে দাঁড়িয়েছেন। সৌরভ নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দিদি বলে অভিহিত করেন। সৌরভ বিভিন্ন সময় সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজের দিদি মনে করেন। চলতি মাসে সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে স্পেশাল মিষ্টি পাঠিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সৌরভের জন্মদিনে বেহালার বাড়িতে উপস্থিত হয়েছিলেন।







