শুক্রবার শেষ হল রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচন। বাকি আর এক দফার অর্থাৎ সপ্তম দফার। এই সপ্তম দফা নির্বাচনের মধ্যে পড়ছে কলকাতা সহ দুই ২৪ পরগনার লোকসভা কেন্দ্রের ভোট। কলকাতায় এখন চলছে উভয় দলের প্রার্থীদের জোর কদমে প্রচারপর্ব। তাই নির্বাচনের শেষ পর্বে এসে রবিবার সকালে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচার চালাতে গিয়েছিলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।
কিন্তু সেখানেই বিপাকে পড়লেন প্রার্থী। প্রচারে বাধা পেলেন পুলিশ আধিকারিকদের কাছ থেকে।হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ১৪৪ ধারা জারি আছে তাই প্রচার করা যাবে না বলে জানালেন আধিকারিকেরা। এই নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসার সৃষ্টি হয় সিপিএম নেত্রী মীনাক্ষীর। রীতিমতো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে ঘটনাস্থলে।







