কাজের জন্য পাওনা টাকা চাওয়ায় এক মহিলা হোটেল কর্মীকে মদের বোতল ভেঙে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়ার এক হোটেল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে গাদিয়াড়ার বিভিন্ন হোটেলে মাসিক মাহিনা হিসেবে কাজ করে বেশ কিছু তরুণী। গত নয় মাস ধরে ওই তরুণী কোন টাকা পায় নি বলে জানিয়েছে। বুধবার রাতে ওই তরুণী হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার। এই নিয়ে বচসা বাধে। পরে হোটেলের সিসিটিভি বন্ধ করে ওই তরুণীকে বেধড়ক মারধর করে অনুপ সরকার ও তার স্ত্রী। মদের বোতল ভেঙে তাকে মারা হয় বলে অভিযোগ ওই তরুণীর। হাতে পিঠে মাথায় গুরুতর চোট লাগে। এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে এলাকার কয়েকজন শ্যামপুর থানায় এলে প্রথমে শ্যামপুর থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তরুনীর আরো অভিযোগ অনুপ সরকার উত্তর প্রদেশ থেকে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গাদিয়াড়ার হোটেলে নিয়ে আসে এবং সেখানে তাকে দেহ ব্যবসা করতে বাধ্য করে অনূপ সরকার -এমনটাই অভিযোগ ওই তরুণীর। প্রসঙ্গত গাদিয়াড়া এলাকার হোটেলগুলিতে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে দেহ ব্যবসা করতে আসে বেশ কিছু তরুণী।এই ধরনের ঘটনায় ফের উঠে এসেছে সেই তথ্য। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







