রাত পোহালেই বঙ্গে শুরু হবে সপ্তম দফা নির্বাচনের পালা। এই সপ্তম দফা ভোটের মধ্যে ভোট হবে ভাঙড়েও। ভোটের আগেও তার ‘চরিত্র’ বজায় রাখল অশান্তিপ্রবণ ভাঙড়। বৃহস্পতিবার রাত থেকে তপ্ত হওয়ার চিত্র চোখে পড়ল’আরাবুলহীন’ ভাঙড়ে। ভাঙড়ের ভোগালিতে ফের তৃণমূলের সাথে-আইএসএফ সংঘর্ষ। রেহাই পেল না শিশুরাও। বোমাবাজির কারণে জখম এক শিশু-সহ ৭ জন।
অপরদিকে, রাতে তাদের কর্মীদের লক্ষ্য করে আইএসএফ অতর্কিতে বোমা মারার অভিযোগ তুললেন তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বোমাবাজির অভিযোগ তুলেছে আইএসএফ। গুরুতর ওই আহত এক শিশুসহ চার জনকে বর্তমানে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের অবস্থা অবনতিহওয়ায় রাতেই তাঁদের পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং,অরূপ বিশ্বাসরা। উপস্থিত ছিলেন শওকত মোল্লাও।
তৃণমূলের আহত এক কর্মী হাসপাতালের বেডে শুয়েই বলেন, “রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছিলাম। ওরা আমাদের মিছিলের ওপরেই হামলা করে। প্রায় তিরিশটার মতো বোমা মেরেছে। আমার পা ঝলসে গিয়েছে।” পাশপাশি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা গ্রেফতারির দাবি তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, “রাজনৈতিকভাবে না পেরে পঞ্চায়েত নির্বাচনের মতো সন্ত্রাস তৈরি করছে নওশাদ সিদ্দিকি। ৫ জন গুরুতর আহত। একটা শিশুও আহত হয়েছে।”
হাসপাতালের বাইরে অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, “আইএসএফের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝেই হামলা করছে। বাড়ি বাড়ি ভোটের স্লিপ দিতে গিয়েছিল। ষড়যন্ত্র করে এই হামলা চালানো হয়েছে।” অরূপ বিশ্বাস বলেন, “হারার আগেই আসলে ওরা হার মেনে নিয়েছে। ” এই নিয়ে আইএসএফের বক্তব্য, “তৃণমূলের লোকেরাই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। নিজেরাই সন্ত্রাস তৈরির জন্য বোমা মেরেছিল। আর তাতেই আহত হয়। এখন আইএসএফের নামে দোষ চাপাচ্ছে।”







