সোনিয়া গান্ধীর আত্মজীবনী ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। বিজেপির তরফে আগেই বইটি নিয়ে সমালোচনা করা হয়েছিল। এবার দিল্লিতে শিখ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা সোনিয়ার আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর একাধিক কপি পুড়িয়ে প্রতিবাদ জানালেন। তাঁদের অভিযোগ, ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা সম্পর্কে বইয়ে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির রাকাব গঞ্জ গুরুদ্বারে বইটির কয়েকটি কপিতে আগুন ধরিয়ে দেন শিখ সম্প্রদায়ের একাংশ।
সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বইটিতে উঠে এসেছে ইতিহাসের একাধিক বিতর্কিত প্রসঙ্গ। বিশেষ করে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে সোনিয়ার বক্তব্য ঘিরে অসন্তোষ ছড়িয়েছে শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যে। তাঁদের অভিযোগ, দাঙ্গার সময় শিখদের উপর নেমে আসা ভয়াবহ অত্যাচারের যথাযথ চিত্র বইয়ে তুলে ধরা হয়নি। বরং ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
আত্মজীবনীতে ১৯৮৪ সালের দাঙ্গা প্রসঙ্গে সোনিয়া গান্ধী কার্যত কংগ্রেস নেতৃত্বের দায় কিছুটা লঘু করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বক্তব্য, সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে তৎকালীন সময়ে বহু ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছিল। সেনা মোতায়েন করতে দেরি হওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। সোনিয়ার দাবি, ইন্দিরা গান্ধী হত্যার দিন অর্থাৎ ৩১ অক্টোবরই সেনা নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের স্তরেই সেই প্রক্রিয়ায় বিলম্ব ঘটে। তাঁর মতে, সেদিন দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব হলে প্রায় ২০০০ মানুষের প্রাণ বাঁচানো যেত।
তবে সোনিয়ার এই বক্তব্য নিয়েই আপত্তি তুলেছেন শিখ সম্প্রদায়ের অনেকে। ইতিহাস অনুযায়ী, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দেশজুড়ে শিখ-বিরোধী হিংসা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, সেই দাঙ্গায় অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। যদিও বেসরকারি পরিসংখ্যান বলছে, শুধুমাত্র দিল্লিতেই প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৭০০ জন। গোটা দেশে মৃতের সংখ্যা ৮ হাজারের কাছাকাছি বলে দাবি করা হয়।
দাঙ্গায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের অভিযোগ, চার দশক পেরিয়ে গেলেও শিখদের উপর হওয়া অত্যাচারের পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে রাজি নয় কংগ্রেস। আত্মজীবনীতেও সেই যন্ত্রণার যথাযথ প্রতিফলন নেই। উলটে ঘটনার দায় অন্যের উপর চাপিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার বইটির কপি পুড়িয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি শিখ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা বইটি পাঠেরও আয়োজন করেন।
অন্যদিকে, এই প্রতিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কংগ্রেস। দলটির বক্তব্য, যাঁরা সোনিয়া গান্ধীর বই পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত। ফলে আত্মজীবনী প্রকাশের পর শিখ দাঙ্গা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।







