এখন থেকে নবান্নের অর্থ ও স্বরাষ্ট্র দফতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ হল। এহেনই খবর প্রকাশ করেছে বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়াল। এমনকী, এই বিষয়ে নজরদারি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফর্মেন্স নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী। তাঁকে আলাদা করে দেখা করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের চা-বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান, এমনটাই সূত্রের খবর। তবে, শ্রমদপ্তরের কাজে যে তিনি খুশি নন তা গতকাল অর্থাৎ মঙ্গলবারই প্রশাসনিক বৈঠকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন মমতা।
মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, মমতা বলেন, অর্থ এবং স্বরাষ্ট্র দফতরে প্রবেশের মুহুর্ত থেকে সবাই যেন মোবাইল ফোন বন্ধ করে রাখেন।
রাজনৈতিকমহলের মত, রাজ্য সরকারের গোপন তথ্য ফাঁস হওয়া রোধ করতেই উক্ত পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর।







