দেশরাজনীতি

নিরাপত্তা কমতেই লাঠি হাতে লালুর বাড়ির সামনে আরজেডি কর্মীদের পাহারা

বিহারে ক্ষমতার পরিবর্তনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন এসেছে। সরকারি নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর এবার তাঁর বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন আরজেডি কর্মী-সমর্থকেরা। শনিবার সকালে পাটনার ১০, সার্কুলার রোডে অবস্থিত লালুর সরকারি বাসভবনের সামনে লাঠি হাতে পাহারায় বসতে দেখা যায় কয়েকজন দলীয় কর্মীকে।

এতদিন লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বাড়ির সামনে বিহার স্পেশাল আর্মড পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। কিন্তু নতুন সরকারের নিরাপত্তা পর্যালোচনার পর সেই চেনা দৃশ্য আর দেখা যাচ্ছে না। বাংলোর বাইরে এখন অনেকটাই ফাঁকা পরিবেশ।

সম্প্রতি বিহারে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সম্রাট চৌধুরী। সরকার বদলের পর নিরাপত্তা সংক্রান্ত পুনর্মূল্যায়নের ভিত্তিতে লালু প্রসাদের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জন্য এখনও বিহার স্পেশাল আর্মড পুলিশের আটজন নিরাপত্তারক্ষী, পাটনা জেলা পুলিশের দুই বডিগার্ড, একটি পাইলট গাড়ি এবং একটি বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন লালু-কন্যা রোহিনী আচার্য। এক পোস্টে তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো তাঁদের ঝুঁকির মধ্যে ফেলার সামিল। তাঁর অভিযোগ, যে নিরাপত্তা রাখা হয়েছে তা শুধুই আনুষ্ঠানিকতা। পাশাপাশি তিনি জানান, রাবড়ি দেবী বাংলোর সামনে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিরাপত্তা হ্রাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরজেডি সমর্থকেরাও। দলের এক সমর্থক সামাজিক মাধ্যমে কর্মীদের লালু প্রসাদের বাসভবনের সামনে পাহারা দেওয়ার আহ্বান জানান। বিজেপি সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রাবড়ি দেবী অতীতেও নানা ধরনের হেনস্তার মুখোমুখি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.