বর্ষা আর ইলিশ—এই দুই যেন একে অপরের পরিপূরক। বৃষ্টি ভেজা দিনে গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ বাঙালির পাতে না থাকলে যেন খাবারই অসম্পূর্ণ থেকে যায়। তবে চেনা সর্ষে ইলিশ বা ইলিশ ভাপার বাইরে এবার ট্রাই করতে পারেন পূর্ববঙ্গের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ কাসনপোড়া ইলিশের ঝোল। অল্প উপকরণে, খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু রান্না।
এই পদের বিশেষত্ব হল পোড়া সর্ষের অনন্য স্বাদ ও ঘ্রাণ, যা ইলিশের স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। রান্নার পদ্ধতিও বেশ সহজ, তাই নতুন রাঁধুনিরাও অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ
ইলিশ মাছ – ৬ টুকরো
সর্ষে – ৩ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ৫-৬টি
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
সর্ষের তেল – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
পরিমাণমতো গরম জল
কীভাবে বানাবেন
প্রথমে সর্ষে হালকা শুকনো কড়াইয়ে ভেজে নিন। ঠান্ডা হলে কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি বেটে নিন। এবার ইলিশের টুকরোগুলিতে লবণ ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে সর্ষে বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ইলিশের টুকরো দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। শেষে চেরা কাঁচালঙ্কা ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢেকে রাখুন দুই-তিন মিনিট।
ব্যস, তৈরি সুগন্ধে ভরপুর পূর্ববঙ্গীয় কাসনপোড়া ইলিশের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই বর্ষার দুপুর হয়ে উঠবে একেবারে জমজমাট।







