ইডেন গার্ডেন্স টেস্টের দ্বিতীয় দিনে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। শনিবার ঘাড়ে তীব্র ব্যথা নিয়ে মাত্র তিন বল খেলেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন টেস্ট অধিনায়ক শুভমান গিল। সন্ধ্যায় জরুরি ভিত্তিতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রাতভর চিকিৎসা চলার পর রবিবার সকালে মিলল আশা-হতাশা জড়ানো আপডেট।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গিলের ঘাড়ের ব্যথা আগের তুলনায় কিছুটা কমেছে। আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। সকালে হাসপাতালের বেডে শুয়েই টিভিতে ম্যাচও দেখেন তিনি। এমনকি হালকা খাবার হিসেবে স্যান্ডউইচও খেয়েছেন। এমআরআই রিপোর্টে গুরুতর কোনও গঠনগত সমস্যার চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তিনি চিকিৎসক ডঃ সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন।
কিন্তু আশার মাঝেই এল দুঃসংবাদ।
বিসিসিআই নিশ্চিত করেছে, ঘাড়ের তীব্র যন্ত্রণা ও চিকিৎসকদের পরামর্শের কারণে ইডেন টেস্টে আর নামতে পারবেন না শুভমান গিল। তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে রাখা হচ্ছে এবং পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।
এখন বড় প্রশ্ন—
দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি গিল?
বোর্ড সূত্রে জানানো হয়েছে, তাঁর সুস্থতা ও পুনর্বাসন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী ২৪–৪৮ ঘণ্টার রিপোর্টের ভিত্তিতে। সেই কারণেই পরের টেস্টে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইডেন গার্ডেন্সের বিদ্যুত্ পরিবেশে ভারত অধিনায়কের চোট এখন ভারতের ব্যাটিং অর্ডারের বড় চিন্তা। পরিস্থিতির দিকে তাকিয়ে পুরো টিম ম্যানেজমেন্ট।







