বিহারের চম্পারণ থেকে বক্সার জঙ্গলে আনা হচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার। আর সেই বাঘিনীকে ঘিরে শুরু হয়েছে কার্যত রাজকীয় আয়োজন। পাহারায় রাখা হচ্ছে তিনটি কুনকি হাতি। তৈরি করা হচ্ছে গ্রিন করিডর। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ কার্গো বিমানও। বন দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বক্সায় পৌঁছতে পারে বাঘিনীটি।
কনে দেখার মতোই তিনটি বাঘিনীর মধ্যে বাছাই করে একটিকে বক্সায় আনার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৭৫০ কিলোমিটার দূরে বিহারের পশ্চিম চম্পারণের বাল্মিকী টাইগার রিজার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে বাঘিনী ধরার প্রস্তুতি। উত্তরবঙ্গ ও সুন্দরবন থেকে নির্বাচিত বনকর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছেছেন দিল্লির জাতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্রের আধিকারিকরাও।
বর্তমানে বক্সায় স্থায়ীভাবে বসবাসকারী বাঘের সংখ্যা নেই। তবে অসম ও ভুটান সীমান্তবর্তী এলাকা থেকে পুরুষ বাঘের যাতায়াতের প্রমাণ মিলেছে। সেই কারণে বাঘিনী এনে প্রজননের মাধ্যমে বক্সায় স্থায়ী বাঘের সংখ্যা বাড়ানোই বন দফতরের অন্যতম লক্ষ্য।
বাঘিনীকে কীভাবে নিরাপদে অচেতন করা হবে, সেই বিষয়ে আগেই প্রশিক্ষণ নিয়েছেন বনকর্মীরা। তাঁদের সঙ্গে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক দলও। প্রথমে বাঘিনীকে অচেতন করা হবে। এরপর তার গলায় পরানো হবে রেডিও কলার। তারপর শুরু হবে বক্সার উদ্দেশে দীর্ঘ যাত্রা। প্রায় সাড়ে ৭৫০ কিলোমিটার পথজুড়ে গ্রিন করিডরের ব্যবস্থা থাকবে। কোনও সমস্যা তৈরি হলে বিকল্প হিসেবে কার্গো বিমানে বাঘিনীকে হাসিমারা পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থাও রাখা হয়েছে। সেখান থেকে সড়কপথে তাকে বক্সার জঙ্গলে পৌঁছে দেওয়া হবে।
এদিকে বক্সাতেও জোরকদমে চলছে প্রস্তুতি। তিনটি কুনকি হাতি দিনরাত বাঘিনীর নিরাপত্তায় মোতায়েন থাকবে। রেডিও কলারের মাধ্যমে তার গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি হাতিতে চেপেও নিয়মিত এলাকা পর্যবেক্ষণ করবেন বনকর্মীরা।
তবে বক্সায় পৌঁছেই বাঘিনীকে সরাসরি জঙ্গলে ছাড়া হবে না। প্রথমে কয়েকদিন তাকে রাখা হবে একটি খোলা এনক্লোজারে। নতুন পরিবেশের সঙ্গে সে কতটা মানিয়ে নিতে পারছে, তা পর্যবেক্ষণ করা হবে। প্রতিদিনই হবে তার স্বাস্থ্য পরীক্ষা। পরিবেশ উপযুক্ত বলে মনে হলে তবেই তাকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
দিল্লির তরফে প্রথমে তিনটি বাঘিনীকে চিহ্নিত করা হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে বাংলার বনকর্তারা শেষ পর্যন্ত এই বাঘিনীটিকেই বেছে নিয়েছেন। দফতর সূত্রের খবর, ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখেই পুরুষ বাঘের পরিবর্তে বাঘিনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনীটিকে ছাড়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং দেশের বনমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে বাঘিনীকে স্বাগত জানাতে নতুন করে সাজছে বক্সা। প্রতিদিনই চলছে বনকর্মীদের প্রশিক্ষণ ও মহড়া। তিন কুনকি হাতিকে নিয়ে এলাকায় নজরদারিও চলছে জোরকদমে।







