জেলা

লাইভ ক্যামেরার সামনে গণনা, কিউআর কোডে ৯৩ লক্ষ টাকা জমা—‘বাবরি’ মসজিদ নির্মাণ ঘিরে মুর্শিদাবাদে নজিরবিহীন অনুদান

মুর্শিদাবাদ: মেঝের উপর স্তূপ করে রাখা ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট, তারই পাশে খুচরো টাকা—যাঁর যেমন সামর্থ্য, তেমনই অনুদান। শনিবার বিতর্কিত ‘বাবরি’ মসজিদের শিলান্যাসের পর থেকেই মুর্শিদাবাদে কার্যত জনসাধারণের ঢল নেমেছে অনুদান দিতে। যে জমিতে মসজিদ নির্মিত হবে, সেখানেই রাখা হয়েছিল অনুদানের বাক্স। তাতেই জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ। মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

কত টাকা জমা পড়েছে, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে ক্যামেরার সামনে, ৩০ জনের উপস্থিতিতে চলছে টাকা গণনার কাজ। আনা হয়েছে আধুনিক টাকা গোনার মেশিনও। শুধু কিউআর কোড স্ক্যান করেই ইতিমধ্যেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকারও বেশি—নিজেই তা জানিয়েছেন বিধায়ক তথা এই উদ্যোগের অন্যতম মুখ হুমায়ুন কবীর।

কোথা থেকে এল এই বিপুল অর্থ? এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর জানান, গত ৪ তারিখ তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছিলেন—যাঁর যেমন সামর্থ্য, তেমনই দান করুন। শনিবার শিলান্যাসের দিন থেকেই ব্যাঙ্কে টাকা জমা পড়তে শুরু করে। তাঁর দাবি, “এই অর্থ সম্পূর্ণ মানুষের দেওয়া। মুর্শিদাবাদের মানুষের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কোথাও কোনও ফাঁক থাকবে না বলেই লাইভ ক্যামেরায় টাকা গোনা হচ্ছে।”

শনিবার সম্পন্ন হওয়া এই শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন হুমায়ুন কবীর নিজেই। এর আগেই তিনি দাবি করেছিলেন, মসজিদ নির্মাণে অর্থের কোনও সংকট হবে না এবং রাজ্যের প্রায় সব জেলা থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ দান করবেন।

এদিন তিনি আরও চাঞ্চল্যকর দাবি করে জানান, একটি বেসরকারি সংস্থা নাকি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে সেই সংস্থার নাম প্রকাশ করতে চাননি তিনি। এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সব মিলিয়ে ‘বাবরি’ মসজিদ নির্মাণ ঘিরে তৈরি হওয়া এই অনুদান-পর্ব একদিকে যেমন নজিরবিহীন, তেমনই অন্যদিকে তা ঘিরে বিতর্ক ও জল্পনাও ক্রমশ তীব্র হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.